× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:২২ এএম

শেরপুরে নববধূর অটোরিকশা থামিয়ে স্বর্ণালংকার ছিনতাই

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৮:২২ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বৌভাত শেষে বাবার বাড়ি ফেরার পথে নববধূর অটোরিকশা থামিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণই ভরুয়াপাড়া মসজিদের সামনে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, ভাতশালা ইউনিয়নের বয়ড়া এলাকার আজহার আলীর কন্যা আলমিনার সঙ্গে পাকুরিয়া ইউনিয়নের গণই ভরুয়াপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে স্বাধীন মিয়ার বিয়ে হয়। বিয়ের পরদিন বৌভাতের অনুষ্ঠান শেষে নববধূ আলমিনা স্বামীসহ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে অটোরিকশাযোগে রওনা হন।

পথে গণই ভরুয়াপাড়া মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি অটোরিকশার গতিরোধ করে নববধূর গায়ের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে কনের বাবা আজহার আলী বলেন, আমার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আমরা উদ্বিগ্ন। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

বর স্বাধীন মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। আমরা চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হোক।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বিয়ের সময় দুই পক্ষের কিছু লোকের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। ওই ঘটনার পর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পারস্পরিক সিদ্ধান্তে কনেপক্ষের লোকজন বৌভাতের অনুষ্ঠানে উপস্থিত হননি। তবে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে ওই বিরোধের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের বিষয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!