শেরপুরের শ্রীবরদীতে মাটি খুঁড়তে গিয়ে তেল সদৃশ তরল পাওয়ার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের পশ্চিম ঢনঢনিয়া ব্রিজের নিচে শাহিদা আক্তার নামে এক নারী মাটি খুঁড়তে গিয়ে তেল সদৃশ পদার্থ বের হতে দেখেন। তিনি বিষয়টি সবাইকে জানালে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে দলে দলে লোকজন এসে মাটি খুঁড়ে তেল বের করে বাটি ও বোতলে ভরে নিয়ে যান। অনেকে আবার আগুন জ্বালিয়ে তেল পরীক্ষা করেন।
খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সত্যি সেখানকার মাটির নিচে তেলের খনি আছে কি না তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না।
স্থানীয় বাসিন্দা শিক্ষক মেহেদী হাসান মন্ডল বলেন, ‘নামাজের পর লোকমুখে শুনতে পেয়ে সেখানে যাই। মাটির এত ওপরে তেল কোথা হতে এলো এটা সত্যি আশ্চর্যের বিষয়।’ বিষয়টি পরীক্ষা করে দেখা দরকার বলেও তিনি মন্তব্য করেন।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য ছুটির দিন থাকায় উপজেলা প্রশাসনের কাউকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন