ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেরপুর সদরে ব্যালট বই ছিনতাই

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:২৮ এএম
নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত

শেরপুরের সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছিল। সকাল ১০টার আগে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। ওই বইতে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেওয়া ছিল। তবে একটি গণভোটের ব্যালট বই এবং একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর প্রশাসনকে জানানো হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

এর আগে, শেরপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত থাকলেও শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটাররা সকাল ৭টার আগেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়াতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে।

শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি, যার মধ্যে ২৪টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ কেন্দ্র। সদর উপজেলার সব ১৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।