শেরপুরের নকলায় ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা এবং ভ্যানসহ বিভিন্ন যানবাহনের ওপর পৌর টোলের নামে কৌশলে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখা। তাদের সঙ্গে ঐকমত্য পোষণ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছোট ও মাঝারি পরিবহণ সংগঠন এবং সর্বস্তরের জনগণ।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নকলা শহরের ট্রাফিক মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন: পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম রিজন, যুবদল নেতা তারেকুল হাসান, মানব কল্যাণ সংস্থার সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি কাওছার আজাদ অর্ণব, হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম প্রমুখ।
অল্প আয়ের ছোট ও মাঝারি পরিবহণ শ্রমিকদের কাছ থেকে কৌশলে চাঁদা আদায়ের অভিযোগ তুলে বক্তারা বলেন, পৌরসভার নামে দীর্ঘদিন ধরে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা এবং ভ্যানচালকদের কাছ থেকে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছে। এতে নিম্নআয়ের মানুষের জীবন-জীবিকায় ক্ষতিকর প্রভাব পড়ছে, যা আশপাশের কোনো পৌরসভায় নেই। তাই অনতিবিলম্বে এই বেআইনি টোল আদায় বন্ধের দাবি জানান তারা। মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, ছোট ও মাঝারি পরিবহণের চালক ও শ্রমিকসহ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন