সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের একটি ঘাসের খেত থেকে অজ্ঞাত এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) বেলা ৩টার দিকে শাহজাদপুর থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে শনিবার দুপুর ২টার দিকে এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গিয়ে অজ্ঞাত ওই কিশোরের মরদেহ দেখতে পান।
পরে আশপাশের লোকজনকে জানালে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত কিশোরের পরনে পাঞ্জাবি-পাজামা থাকায় তাকে মাদ্রাসার ছাত্র বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মতে, বলাৎকারের পর তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।
তবে এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কিছু জানায়নি। এদিকে, হত্যাকাণ্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্ত এবং হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরনের পোশাক দেখে তাকে মাদ্রাসার ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তবে তার সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায় নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন