ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:২২ পিএম
ছবি- সংগৃহীত

প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় রেলযোগাযোগ বন্ধ থাকায় ৪টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

 জানা যায়, এর আগে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হুক ছিঁড়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশনের টেনে নিয়ে যাওয়া হয়। এরপর স্বাভাবিক হয় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ।

রেলস্টেশন মাস্টার মো. রুমান আহমেদ বলেন, পাহাড়িকা এক্সপ্রেস ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকাগামী পারাবত, ঢাকাগামী জয়ন্তিকা, সিলেটগামী পাহাড়িকা ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় ঘটেছে।