ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটি কাটা বন্ধে মধ্যরাতে ইউএনওর অভিযান

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১১:৪৮ এএম
মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অবৈধভাবে জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলার প্রশাসন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে উপজেলার তিলপারা ইউনিয়নের গাংকুলে মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় জড়িত থাকা ব্যক্তিকে জরিমানা করা হয়। 

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে বিয়ানীবাজার থানা ও চারখাই পুলিশ ফাঁড়ি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং বিভিন্ন স্পটে চলমান মাটি কাটা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়াও মাটি পরিবহনের কাজে নিযুক্ত কয়েকটি ট্রাক জব্দ করা হয়েছে।

জানা গেছে, গত পাঁচ দিনে উপজেলার চারখাই, শেওলা, আলীনগর, মুড়িয়া ও কুড়ারবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী  কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার সবাইকে অবৈধভাবে মাটিকাটা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।’

এ সময় তিনি অবৈধভাবে টপ সয়েল কাটা থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রশাসনের এই তৎপরতায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় নিয়মিত নজরদারি জোরদারের দাবি উঠেছে।

সম্প্রতি পত্র-পত্রিকায় মাটি কাটা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপরই উপজেলা প্রশাসন ব্যাপক অভিযান শুরু করে।