সিলেটে দীর্ঘদিন ধরে চলা জ্বালানি তেলের সরবরাহ সংকট ও রেশনিং প্রথা অবশেষে বাতিল করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে এ সংকট নিরসনের পথ তৈরি হয়।
জানা গেছে, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিমের নেতৃত্বে পেট্রোল পাম্প মালিকদের একটি প্রতিনিধি দল শনিবার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা সিলেটে জ্বালানি তেল সরবরাহে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সৃষ্ট জটিলতা এবং এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন।
প্রতিনিধি দলের বক্তব্য শোনার পর মন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট তিনটি জ্বালানি বিপণন কোম্পানির প্রতিনিধিদের তলব করেন। তাদের উপস্থিতিতেই তিনি জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেন এবং সিলেটের জ্বালানি সংকট দ্রুত সমাধানের আহ্বান জানান।
বৈঠকে মন্ত্রী আশ্বাস দেন যে, একই দিনের মধ্যেই সমস্যার সমাধান করা হবে। মন্ত্রীর সেই আশ্বাস অনুযায়ী দিন শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেটে জ্বালানি তেলের রেশনিং প্রথা প্রত্যাহারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়।
এর ফলে এখন থেকে সিলেটে নিয়মিত হারে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে ব্যারিস্টার রিয়াসাদ আজিম বলেন, মন্ত্রী আমাদের সঙ্গে বসেছেন, সমস্যার কথা শুনেছেন এবং দ্রুত সমাধান দিয়েছেন। কথা কম, কাজ বেশি। রাজনীতি এমনই হওয়া উচিত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন