সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৬টি ড্রেজার মেশিন ও নৌকা ধ্বংস, ১৫টি বালু সরবরাহের পাইপ ভেঙে দেওয়া এবং দুজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর এবং লোনী গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা স্পটেই ধ্বংস করা হয়। একই সাথে বালু স্থানান্তরের জন্য ব্যবহৃত ১৫টি প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে বিকল করে দেওয়া হয়। এ ছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধের সাথে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি চৌকস টিম যৌথভাবে সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন জানান, পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এই ধরনের অবৈধ তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন