ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে সরিষার। মাঠজুড়ে এখন সরিষা ফুলের হলুদ সমারোহ। এতে ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।
হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ২০০ হেক্টর জমিতে।
তবে বাস্তবে আবাদ হয়েছে ৪ হাজার ৯৫০ হেক্টর জমিতে। হরিপুর উপজেলায় গত বছর সরিষার আবাদ হয়েছিল ৩ হাজার ৪৭০ হেক্টর জমিতে। সেই তুলনায় এ বছর আবাদ বেড়েছে ১ হাজার ৪৮০ হেক্টর।
রনহাট্রা গ্রামের কৃষক বেলাল জানান, তিনি এ বছর ৩ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন।
৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের কৃষক মো. জহুরুল ইসলাম জানান, তিনি ৪ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন। এখন পর্যন্ত সরিষার ক্ষেতে কোনো সমস্যা হয়নি। গাছে প্রচুর ফুল ও ফল এসেছে। ভালো ফলন পাওয়া যাবে। সরিষা তোলার পর ওই জমিতে ধান রোপণ করবেন।
কৃষক ফিরোজ তালুকদার বলেন, তিনি ২ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন। এই সরিষা দিয়েই তিনি সারা বছর পরিবারের তেলের চাহিদা পূরণ করবেন।
হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪ হাজার ৯৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ৩ হাজার ৪৭০ হেক্টর, সে হিসাবে এ বছর ১ হাজার ৪৮০ হেক্টর বেশি আবাদ হয়েছে। তিনি আরও জানান, মোট ৪ হাজার ৯৫০ হেক্টরের মধ্যে বারী-১৪ জাতের সরিষার ৩২ বিঘা প্রণোদনা, বারী-১ হাজার ৪২০ এবং বীনা-১১ জাতের ৩ হেক্টর প্রদর্শনী প্লট রয়েছে।
চলতি মৌসুমে প্রতি হেক্টরে গড় ফলন ধরা হয়েছে ১ দশমিক ৫ মেট্রিক টন। কম খরচে ও কম সময়ে অধিক মুনাফা পাওয়া যায় বলে সরিষা চাষের প্রতি কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।


