ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে নীতিমালার অতিরিক্ত জ্বালানি তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার মেসার্স এনামুল হক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। এ সময় পাম্পটিতে সরকার নির্ধারিত নীতিমালার বাইরে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রাখার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি প্রথমবারের মতো হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জ্বালানি তেল মজুত ও বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


