ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত লিফটম্যান

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:৩৩ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর কদমতলীর জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আল-আমিন (২২) নামে এক লিফটম্যান গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহতের বোন আসমা বেগম জানান, তার ভাই একটি অ্যাপার্টমেন্ট ভবনে লিফট অপারেটর হিসেবে কর্মরত। গত রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় ছিনতাইকারীরা তার ভাইয়ের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ভাইয়ের কোমর ও পিঠে কুপিয়ে গুরুতর জখম করে একটি স্মার্টফোন ও নগদ ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তারা দ্রুত আল-আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার কামারকান্দি গ্রামে। আল-আমিন ইদ্রিস মিয়ার সন্তান। বর্তমানে তিনি জুরাইন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গত রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

আহতের স্বজনদের বরাতে তিনি আরও বলেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।