ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বায়ুদূষণে ঢাকা আজ চতুর্থ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৯:০০ এএম
ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকার বাতাসও। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৯০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, একই সময়ে ৭৩৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া ৪৪১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ৩১২ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর কলকাতা এবং পঞ্চম অবস্থানে থাকা পোল্যান্ডের ক্রাকোর স্কোর ২১১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয় আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।