ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০১:৪৭ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল । ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

বুধবার (২১ জানুয়ারি) রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ফজলুল হক জানান, আমার ভাই পেশায় ব্যবসায়ী। রাতে যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

জানা গেছে, নিহত আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আনদি-দিল পশ্চিমপাড়া গ্রামে লাল মিয়ার সন্তান। বর্তমানে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেল এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।