রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় খাইরুল হোসাইন কামরুল (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইয়াছিন (২৫) নামের আরও এক যুবক আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খাইরুল হোসাইনকে মৃত ঘোষণা করেন। আহত ইয়াছিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. মহাসিন জানান, মোটরসাইকেলে করে দুই বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খাইরুল হোসাইন ও ইয়াছিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
নিহত খাইরুল হোসাইন কামরুল কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা গ্রামের মো. হারুনের ছেলে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ জব্দ করেছে।

