রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় একটি কারখানা থেকে কালিমুজ্জামান শরীফ ওরফে কালিম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারখানায় আগুন লেগে তিনি মারা গেছেন বলে জানা গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত কালিমুজ্জামানের মরদের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন উল্লেখ করেন, সাতারকুল এলাকার ‘শরীফ এন্টারপ্রাইজ’ নামে ফোম ও ম্যাট্রেস কারখানার মালিক কালিমুজ্জামান। কারখানাটিতে আগুন লাগায় সেই আগুনে পুড়ে তিনি মারা গেছেন। পরে খবর পেয়ে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কালিমুজ্জামানের ছোট ভাই ফাইজুল শরীফ জানান, তাদের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়। বাবার নাম নাসির উদ্দিন শরীফ। তার ভাই কালিমুজ্জামান সাতারকুল পূর্ব ভাওয়ানিয়া পাড়া মুন্সিবাড়ি রোডে থাকতেন। এলাকায় তার সোফা ও ম্যাট্রেস তৈরির কারখানা রয়েছে।
তিনি জানান, শনিবার দিবাগত মধ্যরাতে তিনি বাসা থেকে কারখানায় গিয়েছিলেন। পরে রোববার সকালে তার পাশের ফার্নিচার কারখানায় আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে তার কারখানায়। এতে কারখানার ভেতরেই আগুনে পুড়ে তিনি মারা যান।
ফাইজুল আরও জানান, তার ভাইয়ের কারখানার দুই কর্মচারী কাজ করে। তবে তারা বাসা থেকে সকালে এসে কাজে যোগ দেয়। ওই দিনও তারা কারখানাতে এসে পৌঁছায়নি। তার আগেই আগুনের ঘটনা। তবে তার কারখানার গেটের বাইরে থেকে তালা দেওয়া ছিল। তালাটি কীভাবে এলো, সেটি এখনো পরিষ্কার না।


