রাজধানীর তেজগাঁও ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মানব খুলিসহ ভয়ংকর কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযানে ৪৭টি মাথার খুলি এবং কয়েক বস্তা মানুষের হাড় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের ইন্টার্ন শিক্ষার্থী মো. ফয়সাল আহম্মেদ (২৬), একই কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), পেশাদার কঙ্কাল চোর মো. আবুল কালাম (৩৯), পেশাদার চোর ও সহযোগী আসাদুল মুন্সী (৩২)।
পুলিশ জানায়, এই চক্রটি গত কয়েক বছর ধরে গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর অঞ্চলের যেসব কবরস্থান অরক্ষিত, যেখানে সিসি ক্যামেরা বা পর্যাপ্ত আলো নেই, সেসব কবর থেকে লাশ উত্তোলন করত। দাফনের প্রায় এক বছর পর তারা কবর পর্যবেক্ষণ করে কঙ্কাল সংগ্রহ করত। পরে কেমিক্যালের মাধ্যমে সেগুলো প্রক্রিয়াজাত করে বিক্রি করত।
ডিসি ইবনে মিজান জানান, সোমবার রাতে তেজগাঁও মণিপুরীপাড়া থেকে জহুরুলকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজ এলাকা এবং উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালানো হয়। হোস্টেলের একটি কক্ষ থেকেই ৪৭টি খুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, এই চক্রের সাথে আরও কারা জড়িত তা জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া কোনো পরিবার যদি তাদের স্বজনের লাশ চুরির বিষয়ে অভিযোগ করেন, তবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে কঙ্কাল শনাক্তের ব্যবস্থা করা হবে।


