রাজধানীর মতিঝিলে রাস্তার উপর থেকে অজ্ঞাত (৩৯) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইডেন মসজিদের দক্ষিণে একটি জেনারেল স্টোরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার পারভেজ জানান, আমরা খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মতিঝিলের ইডেন মসজিদের দক্ষিণ পাশে আলিফ জেনারেল স্টোরের সামনে রাস্তার উপর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, আশেপাশের লোকজনের কাছ থেকে জানা যায় নিহত ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির নেশাগ্রস্ত ছিলেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি; প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও তিনি জানান।

