ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিষাক্ত দ্রব্য পান করে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:৫৫ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের মনেস্বর রোডের ভাড়া বাসায় বিষাক্ত দ্রব্য পান করে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি ঢাবির কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত দেড়টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রুহুল আমিন জানান, আমার ভাতিজা হাজারীবাগের একটি বাসায় থাকতেন। তার রুমমেট বলেছেন, রাত ৯টার পরে সীমান্ত তার রুমের দরজা বন্ধ করে রেখেছিলেন। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে বাসার মালিক দরজা ভেঙ্গে সীমান্তকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সীমান্তকে হাসপাতালে নেওয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ বের হচ্ছিল। তাই আমরা ধারণা করেছি, ওই বিষাক্ত দ্রব্য খেয়ে সীমান্ত আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এই কাজটি করেছেন তা আমরা কিছুই বলতে পারব না। সীমান্তের গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তিনি সদরুল আমিনের ছেলে। বর্তমানে হাজারীবাগের মনেস্বর রোডে তিন বাজার মসজিদের পাশে ৯৪/২ নং পাঁচ তলা বাসার নিচতলায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।