রাজধানীর পূর্ব বাড্ডার একটি চিপস ফ্যাক্টরি থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মোহাম্মদ মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)।
সোমবার (২৫ মে) ভোরে পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকার আমির হোসেনের চিপস ফ্যাক্টরি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ভোর ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্যাক্টরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত দুই যুবক ওই ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহত মোস্তফার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার বড় কুমারপাড়া গ্রামে। তিনি মজনু মিয়ার ছেলে। অপরদিকে মাহমুদুল হাসানের বাড়ি একই উপজেলার কাজীপাড়া গ্রামে। তিনি ইসলাম উদ্দিনের ছেলে। বর্তমানে তারা দুজনই পূর্ব বাড্ডার ওই ফ্যাক্টরিতে বসবাস করতেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন