রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. ইয়াকুব আলী (৫০) নামে এক ইলেকট্রিক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১০ জুন) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলীর বাবার নাম নুর মোহাম্মদ কাজী। তিনি মিরপুর-১২ এলাকার ১/এ নম্বর সড়কের ৬ নম্বর বাসার বাসিন্দা বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহতের ছেলে মো. মানিক জানান, তার বাবা ইলেকট্রিক পণ্যের ব্যবসা করতেন। রাতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে করে মিরপুরের বাসায় ফিরছিলেন। বিজয় সরণি এলাকায় পৌঁছালে বসুন্ধরা গ্রুপের টি-স্পোর্টস চ্যানেলের একটি হায়েস মাইক্রোবাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তার বাবা গুরুতর আহত হন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাবাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন