ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

খিলগাঁও ফ্লাইওভারে চেকপোস্ট অভিযানে ৫,৭৫০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১০:০৯ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে চেকপোস্ট অভিযানে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ৫ মিনিটে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায় পুলিশের একটি টিম। তল্লাশির একপর্যায়ে অটোরিকশায় থাকা মো. শাহীন (২০)-এর হাতে থাকা কালো রঙের কাঁধব্যাগ পরীক্ষা করতে গেলে তিনি ব্যাগের ভেতর থাকা পলিথিন মোড়ানো ইয়াবার প্যাকেট রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন।

পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী ওমর ফারুক (২৬) দৌড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে শাহীনের ফেলে দেওয়া পলিথিন ব্যাগ তল্লাশি করে ৩০টি নীল রঙের এয়ারটাইট জিপার প্যাকেটের ভেতর রাখা মোট ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটিসহ মোট চারটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহীন স্বীকার করেন যে, তিনি ও তার সহযোগী ওমর ফারুক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো বহন করছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার শাহীন ও পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।