একীভূত হওয়া সংকটাপন্ন পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা আগামী সোমবার থেকে অর্থ ফেরত পেতে শুরু করবেন। প্রাথমিকভাবে আমানত বিমার আওতায় একজন গ্রাহক একবারে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়ায় থাকা জটিলতা দূর হওয়ায় আগামী সপ্তাহের শুরু থেকেই অর্থ পরিশোধ কার্যক্রম শুরু হবে।
যে পাঁচটি ব্যাংক একীভূত হয়েছে সেগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংক নিয়ে গঠিত হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের শাখা থেকেই টাকা তুলতে পারবেন। তবে কোনো গ্রাহকের একটি ব্যাংকে একাধিক হিসাব থাকলে তিনি শুধু একটি হিসাব থেকেই অর্থ তুলতে পারবেন। আর একাধিক ব্যাংকে হিসাব থাকলে প্রতিটি ব্যাংক থেকেই নির্ধারিত অঙ্ক উত্তোলনের সুযোগ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেসব গ্রাহকের হিসাবে দুই লাখ টাকা বা তার কম জমা রয়েছে, তাঁরা পুরো অর্থ একবারেই তুলতে পারবেন। আর যাদের জমা দুই লাখ টাকার বেশি, তাঁরা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত তুলতে পারবেন।
তবে ৬০ বছরের বেশি বয়সী গ্রাহক এবং ক্যানসার বা জটিল রোগে আক্রান্ত আমানতকারীদের ক্ষেত্রে এ সীমা শিথিল করা হয়েছে। প্রয়োজনে তাঁরা নির্ধারিত সীমার বাইরে অর্থ উত্তোলন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর জমা রয়েছে প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। বিপরীতে ঋণের পরিমাণ ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশই খেলাপি।
একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
সারা দেশে এই ব্যাংকগুলোর ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূত হওয়ার পর একই এলাকার একাধিক শাখা এক বা দুটি শাখায় সীমিত করা হবে। ব্যয় কমাতে এরই মধ্যে কর্মীদের বেতন–ভাতা ২০ শতাংশ কমানো হয়েছে।

