ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাজারে বেড়েছে সবজি ও মুরগির দাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১২:২১ পিএম
সবজি ও মুরগি। ছবি : সংগৃহীত

বছরের প্রথম শুক্রবারেই রাজধানীর কাঁচাবাজারে সবজি ও মুরগির দামে নতুন করে চাপ লক্ষ্য করা গেছে। শীতকালীন সবজির ভরা মৌসুম চললেও অধিকাংশ সবজির দাম বেড়েছে। একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে মুরগির বাজারেও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে, যা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে কিছুটা দেরিতে বেচাকেনা শুরু হয়। বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, পেঁয়াজ ও আলুর দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও প্রায় সব ধরনের শীতকালীন সবজির দাম আগের সপ্তাহের চেয়ে বেশি।

সবজি বিক্রেতা জিহাদ বলেন, ঘন কুয়াশা ও শীতের কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে সবজি পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। তার দাবি, সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ শীতকালীন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায়, শিম ৮০, করলা ৬০, বেগুন ৬০ থেকে ৮০, পটোল ১০০, গাজর ৬০, বরবটি ১০০ ও পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতিপিস ২৫ থেকে ৩০ টাকা এবং বাঁধাকপি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের তুলনায় এসব সবজির দাম গড়ে ২০ থেকে ৩০ টাকা বেশি।

দাম বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মোস্তাফিজুর রহমান নামে এক ক্রেতা বলেন, শীতকালীন সবজি এখন পর্যাপ্ত উৎপাদনের সময়। এই সময়ে দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। তার অভিযোগ, ব্যবসায়ীরা সুযোগ বুঝে কৃত্রিম সংকট তৈরি করছেন।

সবজির পাশাপাশি কাঁচামরিচের দামও বাড়তি রয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। পাইকারি বাজারে কাঁচামরিচের দাম রয়েছে ৭০ থেকে ৮০ টাকার মধ্যে।

অন্যদিকে পেঁয়াজ ও আলুর বাজারে বড় ধরনের অস্থিরতা নেই। পুরোনো দেশি পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন মুড়িকাটা পেঁয়াজের দাম কেজিতে ৬০ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজও প্রায় একই দামে পাওয়া যাচ্ছে। নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ টাকায়, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির।

সবজির সঙ্গে সঙ্গে মুরগির বাজারেও দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। সোনালি মুরগির দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা, বর্তমানে কেজিপ্রতি ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগির দামও ৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৮০ টাকায়।

মুরগি বিক্রেতারা জানান, খামার পর্যায়ে উৎপাদন খরচ বাড়ার প্রভাব পড়েছে বাজারে। খাদ্য ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় দাম সমন্বয় করতে হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সপ্তাহগুলোতে সবজি ও মুরগির দামে কিছুটা স্থিতিশীলতা ফিরতে পারে। তবে তদারকি জোরদার না হলে বাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা।