ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাল কেজিতে ৫ টাকা, ডাল ২০ টাকা বেড়েছে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১২:০০ পিএম
রাজধানীর বাজারে চাল ডালের দাম ঊর্ধ্বমুখী। ছবি : সংগৃহীত

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে চাল ও ডালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে দেশি (ছোট দানা) মসুর ডালের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে নতুন চাল বাজারে আসার আগেই পুরোনো চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এ চিত্র দেখা গেছে।

সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বেড়েছে। মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়ে বর্তমানে ৮৩ থেকে ৮৪ টাকায় বিক্রি হচ্ছে। রশিদ মিনিকেটের দাম ৭২ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা হয়েছে। নন-ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজিতে ৬৫ থেকে ৭০ টাকায়। আর দামি মিনিকেট মোজাম্মেলের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়ে ৮৫ থেকে ৮৬ টাকায় দাঁড়িয়েছে।

একইভাবে নাজিরশাইল চালের দামও বেড়েছে। ধরনভেদে দেশি নাজিরশাইল চাল কেজিতে ৭২ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ৩ থেকে ৪ টাকা কম ছিল। আমদানি করা নাজিরশাইল চালের দামও কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে ৭৫ থেকে ৭৮ টাকা হয়েছে।

বছরের এই সময়ে আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসার কথা থাকলেও এখনো তা পুরোপুরি শুরু হয়নি। খুচরা বিক্রেতারা জানান, সাধারণত নতুন চাল বাজারে আসার পর পুরোনো চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ে। তবে এবার নতুন চাল বাজারে আসার আগেই পুরোনো চালের দাম ৩ থেকে ৪ টাকা বেড়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন চাল খুচরা বাজারে আসতে পারে। বিক্রেতাদের আশঙ্কা, এরপর পুরোনো চালের দাম আরও বাড়তে পারে।

সবজির বাজারে কিছুটা স্বস্তি

সবজির বাজারে তুলনামূলকভাবে স্বস্তি দেখা গেছে। বর্তমানে মুলা কেজিতে ২৫ থেকে ৩০ টাকা এবং শালগম ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গোল ও লম্বা বেগুনের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমে ৩০ থেকে ৪০ টাকায় নেমেছে। শিম ও মিষ্টিকুমড়া কেজিতে ৫০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা এবং করলা কেজিতে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য পণ্যের মধ্যে দেশি গাজর কেজিতে ৪০ টাকা, কাঁচকলার হালি ৪০ টাকা এবং ছোট আকারের লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাকা টমেটোর দাম এখনো বেশি, কেজিতে ৯০ থেকে ১০০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিতে ১০০ থেকে ১২০ টাকায়। এ ছাড়া মটরশুঁটির দাম কেজিতে ১০ টাকা কমে বর্তমানে ১০০ টাকায় নেমেছে।