ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

 এলপিজির দাম কমছে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি- সংগৃহীত

দেশের খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আরও কমতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের করা সাম্প্রতিক কর সংশোধন ও ভ্যাট হ্রাস এই দামের হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শফিকুল আলম জানান, স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে বর্তমানে যে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপিত আছে, তার সঙ্গে ২ শতাংশ আগাম কর অব্যাহতি প্রদান এবং আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদনের ফলে এলপিজির ওপর করভার কিছুটা হলেও কমবে। এর ফলে খুচরা বাজারে এলপিজির দাম আরও নেমে আসবে।

তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন রমজানের অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজানে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি রাখা হয়েছে। তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজেদের সুবিধা অনুযায়ী অফিসের সময়সূচি নির্ধারণ করবে।

প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৬৮টি নিয়মিত সাপ্তাহিক কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সময়ে মোট ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ৪৩৯টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার প্রায় ৮৩.৪৬ শতাংশ। তিনি উল্লেখ করেন, এই সময়ে পূর্ববর্তী সরকারের সঙ্গে তুলনা করলে রেকর্ড সংখ্যক অধ্যাদেশ জারি হয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১১৬টি অধ্যাদেশ জারি হয়েছে এবং আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন। এর মধ্যে ৩টির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে গত সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মাসের ভোক্তা পর্যায়ের এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। ওইদিন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১,৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২.৩৪ টাকা বাড়িয়ে ৬২.১৪ টাকা করা হয়েছে। নতুন এই দাম সেদিন সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, কর হ্রাস ও আগাম কর অব্যাহতির কারণে খুচরা বাজারে এলপিজির ওপর মূল্যদাবি কিছুটা হলেও কমবে, যা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য সহায়ক হবে।