ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রমজানে নতুন সূচিতে চলছে ব্যাংক ও শেয়ারবাজার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:৫৫ এএম
ব্যাংক লেনদেন। ফাইল ছবি

রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের ব্যাংক লেনদেন ও অফিস কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে।

নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন। এরপর গ্রাহক লেনদেন বন্ধ থাকলেও আনুষঙ্গিক দাপ্তরিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংকগুলো বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংকসহ সব তপশিলি ব্যাংকের অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে হবে। পাশাপাশি আন্তঃব্যাংক লেনদেনও নতুন সময়সূচি অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

এ ছাড়া রমজানে শেয়ারবাজারের লেনদেন সময়েও পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস ও লেনদেন সময়সূচি আবার স্বাভাবিক নিয়মে ফিরে যাবে।

প্রতিবছর পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের সুবিধা ও ধর্মীয় অনুশীলনের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে এ ধরনের সাময়িক পরিবর্তন আনা হয়।