ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাড়ে ১৩ হাজার প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের বিজ্ঞপ্তি যেকোনো সময়

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই অনুমোদনের ভিত্তিতে যেকোনো সময় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের শূন্যপদ রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এনটিআরসিএর তথ্যমতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা ১০,২৭৮টি। এর মধ্যে স্নাতক পাস কলেজে অধ্যক্ষের পদ খালি রয়েছে ৫৮৪টি এবং উপাধ্যক্ষের ৬২৭টি। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষের শূন্যপদ ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩,৯২৩ এবং সহকারী প্রধান শিক্ষক ৩,৮৭২ জন নিযুক্ত করা হবে। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে ৫০৪টি।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ মোট ১৯০টি, যেখানে ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষের পদ ১১০টি, ভোকেশনাল সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্টের পদ যথাক্রমে ৪০টি করে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্যপদ ৩,১৩১টি। এর মধ্যে কামিল পর্যায়ের অধ্যক্ষ ৩৪ ও উপাধ্যক্ষ ৫৩টি, ফাজিল পর্যায়ের অধ্যক্ষ ২০২ ও উপাধ্যক্ষ ৩৪৩টি, আলিম পর্যায়ের অধ্যক্ষ ২১৯ ও উপাধ্যক্ষ ৩৭৭টি এবং দাখিল পর্যায়ে সুপারিনটেনডেন্ট ৮৯৯ ও সহকারী সুপারিনটেনডেন্ট ১,০০৪টি।

এনটিআরসিএ জানিয়েছে, এসব পদে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট নিয়োগ দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, তাই নিয়োগ বিজ্ঞপ্তি যেকোনো মুহূর্তে প্রকাশ হতে পারে।