ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভুয়া স্ক্রিনশর্ট ছড়ানোর অভিযোগে ঢাবির সেই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৭:৫৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে ভুয়া স্ক্রিনশর্ট ছড়িয়ে পড়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক তথ্যপ্রযুক্তি সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। এ ঘটনায় তিন সদস্যের দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেয়াল লিখন ও গ্রাফিতি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। পরে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে অশালীন পোস্ট সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা শান্ত ও সংযতভাবে মোকাবিলার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুল্লাহ আল মাহমুদের নামে এআই–নির্মিত একটি ভুয়া স্ক্রিনশর্ট ছড়িয়ে পড়ে। ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার জানিয়েছে, ছবিটি এআই দিয়ে তৈরি এবং তা সম্পূর্ণ ভুয়া। মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের সদস্য প্রার্থী ছিলেন।

তদন্তের জন্য সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক, আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্যসচিব এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খানকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া শাহবাগ থানায় সাংবাদিকদের মারধরের অভিযোগ তদন্তে সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়াকে আহ্বায়ক করে আরও একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের উত্তেজনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।