ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রে ভিপি-জিএস পদে এগিয়ে শিবির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:১৪ পিএম
২৬ কেন্দ্রে ভিপি-জিএস পদে এগিয়ে শিবির সমর্থিতপ্যানেল। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর কেন্দ্রীয় সংসদে এ পর্যন্ত ২৬টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৩৫১ ভোটে এবং জিএস প্রার্থী আব্দুল আলিম ২০৪৩ ভোটে এগিয়ে রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জকসুর ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব এই ২৬ কেন্দ্রে ভোট পেয়েছেন ৩,০১৩ ভোট। ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩,৩৬৪ ভোট। ফলে রিয়াজুল ইসলাম রাকিবের চেয়ে ৩৫১ ভোটে এগিয়ে রয়েছেন।

জিএস পদে ২৩টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি ৩,৩৫৩ ভোট পেয়েছেন, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ১,৩১০ ভোট। ফলে আব্দুল আলিম খাদিজাতুল কোবরার চেয়ে ২,০৪৩ ভোটে এগিয়ে আছেন।

এজিএস পদেও এগিয়ে রয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ছাত্রশিবির সমর্থিত এজিএস প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ২,৯৮৩ ভোট, আর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১,৪৯৯ ভোট। মাসুদ ৪৮৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

এর আগে গতকাল (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া একটি হল সংসদে ১,২৪২ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ভোট দিতে সক্ষম হন।

এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটারসংখ্যা ১৬ হাজার ৩৬৫। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

জকসু নির্বাচনে মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। সেগুলো হলো, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।

এ ছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি পদে লড়ছেন ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে লড়ছেন ৮ জন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবির পর ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।