ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সূত্রাপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৫০ এএম
প্রতীকী ছবি

রাজধানীর সূত্রাপুরের কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে কলতাবাজার পানির পাম্পসংলগ্ন ওই মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাকিবার বাড়ি সাতক্ষীরা জেলায়।

সূত্রাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মেসের একটি কক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

নিহত রাকিবার ছোট ভাই নাঈম হোসেন জানান, শনিবার রাতে রাকিবার সঙ্গে সর্বশেষ কথা হয় তাদের মায়ের। সে সময় রাকিবা মেসে একাই ছিলেন। তিনি মাকে জানান, তার শরীর ভালো লাগছে না, পরে কথা বলবেন বলে জানান। এরপর পরিবারের কারো সঙ্গে আর যোগাযোগ হয়নি।

রোববার সারা দিন মায়ের একাধিক ফোনকল রিসিভ না করায় পরিবারের পক্ষ থেকে রাকিবার বান্ধবীদের বিষয়টি জানানো হয়। পরে বান্ধবীরা মেসে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সহায়তা নিয়ে দরজা ভেঙে কক্ষে ঢুকে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

পরিবার সূত্রে জানা গেছে, রাকিবার সোমবার বাড়ি ফেরার টিকিট কাটা ছিল।