× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০১:১৮ পিএম

প্রধান ফটকে তালা, আজও উত্তাল ডুয়েট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০১:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনেও উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (১৮ মে) সকাল ১০টা থেকেই ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে ভেতরে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল গাজীপুরেই অবস্থান করছেন এবং নিরাপদে থেকে দাপ্তরিক কিছু জরুরি কাজ সম্পন্ন করছেন। তার আজ ক্যাম্পাসে যাওয়ার কথা রয়েছে। তবে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।

ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তৈয়ব বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।’

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রধান ফটকে তালা ঝুলিয়ে তারা ব্লকেড কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে তারা ঘোষণা দিয়েছেন।

এর আগে গতকাল রোববার আন্দোলনের মুখে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসে প্রবেশ করতে ব্যর্থ হন এবং পরে গাজীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে পুলিশি নিরাপত্তার মধ্যে তিনি অবস্থান করেন এবং বিকেলে সেখানেই দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের বিষয়ে নতুন ভিসি বলেন, রাষ্ট্র তাকে নিয়োগ দিয়েছে এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। আলোচনার মাধ্যমে তিনি উপাচার্যের কার্যালয়ে যাবেন বলেও জানান।

অন্যদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা বোঝার জন্য অভ্যন্তরীণ শিক্ষকই সবচেয়ে উপযুক্ত।

রোববার সকালে ‘নতুন ভিসিকে লাল কার্ড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ভিসির পক্ষে কিছু বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় ক্যাম্পাস এলাকায় ইটপাটকেল নিক্ষেপ, যানবাহন চলাচলে বিঘ্ন এবং ঢাকা-শিমুলতলী সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, ভিসি নিয়োগকে কেন্দ্র করে গত দুই দিন ধরেই ক্যাম্পাসে উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Link copied!