ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৩৫৯৯ শূন্যপদে নিয়োগ পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৫:৪৬ এএম
এনটিআরসিএ লোগো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সুপারসহ মোট ১৩ হাজার ৫৯৯টি প্রশাসনিক পদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা–২০২৬’-এর অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে।

নতুন প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৬ অনুযায়ী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অনলাইন প্ল্যাটফরম হালনাগাদের জন্য সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি গতকাল মঙ্গলবার এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ২ ফেব্রুয়ারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৬ জারি করা হয়েছে। এই নীতিমালার আলোকে এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণের প্ল্যাটফরম হালনাগাদের কাজ চলমান রয়েছে।

অনিবার্য কারণে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রতিষ্ঠানপ্রধান) পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন স্কুল ও কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে মোট শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। এর মধ্যে স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ পদে ৫৮৪টি এবং উপাধ্যক্ষ পদে ৬২৭টি শূন্য রয়েছে। উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে শূন্য রয়েছে ৭৬৮টি।

মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে শূন্য ৩ হাজার ৯২৩টি এবং সহকারী প্রধান শিক্ষক পদে শূন্য রয়েছে ৩ হাজার ৮৭২টি। এ ছাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে ৫০৪টি।

এনটিআরসিএ আরও জানায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কামিল মাদ্রাসায় অধ্যক্ষের শূন্যপদ ৩৪টি এবং উপাধ্যক্ষ পদে শূন্য রয়েছে ৫৩টি। ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে শূন্য ২০২টি, উপাধ্যক্ষ পদে ৩৪৩টি, আলিম মাদ্রাসায় অধ্যক্ষ পদে শূন্য ২১৯টি এবং উপাধ্যক্ষ পদে ৩৭৭টি।

এ ছাড়া দাখিল মাদ্রাসায় সুপার পদে শূন্য রয়েছে ৮৯১টি এবং সহকারী সুপার পদে শূন্য রয়েছে ১ হাজার ৪টি। সব মিলিয়ে মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের শূন্যপদ ৩ হাজার ১৩১টি।

অন্যদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে শূন্য রয়েছে ১১০টি। ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে সুপার পদে শূন্য ৪০টি এবং সহকারী সুপার পদে শূন্য রয়েছে ৪০টি। সব মিলিয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান পদে শূন্য রয়েছে ১৯০টি।

এনটিআরসিএর আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য ও আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইটে।