ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যেকোনো সময় আসতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ঘোষণা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

এখনো ঝুলে রয়েছে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির জটিলতা। ফলে মাধ্যমিক বিদ্যালয়ে স্বাভাবিক শ্রেণিকক্ষ কার্যক্রম এখনও চলমান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করলেও এখনো শুনানি হয়নি। এতে করে রোজায় স্কুলে কবে থেকে ছুটি শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ভিন্ন সিদ্ধান্ত নিলে আগেই ছুটি ঘোষণা করা হতে পারে।

এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আজ থেকে কলেজগুলোতে পবিত্র রমজান উপলক্ষে টানা ৩৯ দিনের ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেন জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা ছিল। কিন্তু এক রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।

তিনি বলেন, যেহেতু চেম্বার আদালতে আগের নির্দেশনা স্থগিত হয়েছে, তাই আপাতত স্কুল খোলা থাকবে। আপিলের শুনানির পর আদালত যে নির্দেশনা দেবেন, সেটিই কার্যকর হবে। যদি আপিলে স্কুল বন্ধের নির্দেশ আসে, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর এক কর্মকর্তা জানান, হাইকোর্টের আগের নির্দেশনা স্থগিত থাকায় মাধ্যমিক বিদ্যালয়ে স্বাভাবিক ক্লাস কার্যক্রম চলবে। পরবর্তী নির্দেশনা এলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ মার্চ পর্যন্ত মাধ্যমিক স্তরের স্কুল খোলা থাকবে এবং ৮ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে এ সিদ্ধান্তে অনেক অভিভাবক ও শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা রমজানের শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হচ্ছে, যা চলবে ২৬ মার্চ পর্যন্ত।

প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রমজানের প্রথমার্ধ পর্যন্ত খোলা থাকবে। প্রাথমিকের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন্সের উপপরিচালক (চলতি দায়িত্ব) জয়নাল আবেদীন বলেন, হাইকোর্টের নির্দেশনা শুধুমাত্র হাইস্কুলের বিষয়ে। প্রাথমিক বিদ্যালয় নিয়ে আদালতের কোনো নির্দেশ নেই। ফলে ৭ মার্চ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলতে পারে।

তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ভিন্ন সিদ্ধান্ত নিলে আগেই ছুটি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

এ ছাড়া প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।

সম্প্রতি ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সব সরকারি ও বেসরকারি কলেজের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় বিদ্যালয় খোলা থাকবে। ২১ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।

অন্যদিকে, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগের বছরের তুলনায় এবারও ১২ দিন ছুটি কমেছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হয়েছে।