ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এমপিও স্থগিত হওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০২:০৬ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত। ছবি : সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও স্থগিত হওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (১ মার্চ) এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এমপিও স্থগিত হওয়া যেসব শিক্ষক-কর্মচারী রয়েছেন তাদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার সরকারি অংশ স্থগিত, কর্তন, বাতিলকরণ ও পুনঃছাড়করণের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত ‘আপিল কমিটি’র সভার সুপারিশ বাস্তবায়নের জন্য মাউশি অধিদপ্তর বরাবর প্রেরণ করা হয়েছে।

সুপারিশপত্রের ক্রম. (২৯) এ নিয়োগকালীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগত যোগ্যতাবিহীন (বিএড ডিগ্রি) সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্তির বিষয়টি উত্থাপিত হয়।

সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্নরূপ সুপারিশ করা হয়- যেহেতু এ বিষয়টি নীতিনির্ধারণী বিষয়। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য বিস্তারিত তথ্য প্রয়োজন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিস্তারিত তথ্য সংগ্রহপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণের সুপারিশ করা হলো।

এ অবস্থায়, শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে নিম্নোক্ত ছক মোতাবেক নিয়োগকালীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগত যোগ্যতাবিহীন (বিএড ডিগ্রি) সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের তথ্য আগামী ৫ কর্মদিবসের মধ্যে addshesecondary2@gmail.com ই-মেইলে সফটকপি এবং পিডিএফ কপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।