ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩ মাসের মধ্যে শেষ হবে শিক্ষকদের বদলি কার্যক্রম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৫:১৫ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর মিলল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আগামী তিন মাসের মধ্যে শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছে।

মাউশির একটি সূত্র বলছে, এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে শিক্ষকদের ডাটা সংগ্রহ করা হয়েছে। এ ডাটা বদলির জন্য তৈরি হওয়া সফটওয়্যারে ইনপুট দিয়ে সক্ষমতা যাচাই করা হচ্ছে। এ কাজে সফলতা পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি সফটওয়্যার প্রদর্শন করা হবে।

সূত্র মতে, আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই বদলি সফটওয়্যারের ডেমো চূড়ান্ত করা হতে পারে। এরপর মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ শেষে অনলাইনে বদলির জন্য আবেদন গ্রহণ শুরু হবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, এখনো বদলি সফটওয়্যার প্রস্তুত করতে পারেনি মাউশি। সফটওয়্যার প্রস্তুত হলে তারা বদলি কার্যক্রম শুরু করবে।

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।