ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয়করণের পথে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৫:০৮ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

অবশেষে জাতীয়করণের আওতাভুক্ত হতে যাচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ বিষয়ে সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে টেবিলে উত্থাপিত সংসদ সদস্য আইনজীবী মো. সেলিম ভূইয়ার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজ সরকারিকরণ বা জাতীয়করণ কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। পরে জাতীয়করণ করা কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের চাকরি সংক্রান্ত শর্তাবলি যথাযথভাবে পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে তাদের চাকরি জাতীয়করণ করা হয়।’

মন্ত্রী আরও বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদি এবং নীতিনির্ধারণী বিষয়। এ ধরনের সিদ্ধান্ত কেবল শিক্ষা মন্ত্রণালয়ের একক এখতিয়ারভুক্ত নয়, বরং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা এবং জাতীয় বাজেটের সঙ্গে এটি ওতপ্রোতভাবে সম্পৃক্ত।’

এ সময় মন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য উল্লেখ করে বলেন, ‘বর্তমানে দেশে সর্বমোট ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত আছেন। সরকারের নীতিগত সিদ্ধান্ত হলেই এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।’

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন সরকার আসার পর থেকে শিক্ষকদের জাতীয়করণের বিষয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই এর প্রক্রিয়া শুরু হতে পারে। বেসরকারি কলেজ থেকে শুরু করে মাধ্যমিক স্কুলগুলোও জাতীয়করণ হওয়ার আশা প্রকাশ করেন তিনি।