ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজ জেলায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৫:৫৪ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু করতে যাচ্ছে সরকার। এর ফলে দূরে কর্মরত শিক্ষকরা নিজ জেলায় ফিরতে পারবেন। তবে নিজ জেলায় কর্মরত শিক্ষকরা এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলি হতে পারবেন না। যদিও বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নিজ জেলায় কর্মরত শিক্ষকরা।

শিক্ষকরা বলছেন, দেশে এমন অনেক উপজেলা রয়েছে যেখানে এক উপজেলা থেকে আরেক উপজেলার দূরত্ব ৮০ থেকে ১০০ কিলোমিটার। আবার এমনও শিক্ষক রয়েছেন যাদের জেলা থেকে নিজ বাড়ির দূরত্ব ২০ কিলোমিটার। এই শিক্ষকরা বদলির সুযোগ পেলেও ৮০ থেকে ১০০ কিলোমিটার দূরে কর্মরত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন না। ফলে বিষয়টি বৈষম্যের সৃষ্টি করবে।

দিনাজপুরের ফুলবাড়িতে কর্মরত এক শিক্ষক বলেন, আমার বাড়ি দিনাজপুর শহরে। বর্তমান উপজেলা থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার দূরে। আমি বাড়ির কাছের প্রতিষ্ঠানে যেতে পারবো না। অথচ আমার অনেক সহকর্মী যারা ভিন্ন জেলায় কর্মরত, তবে নিজ বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব ২০ কিলোমিটার তারা বদলির সুযোগ পাবেন। এটি চরম বৈষম্য। এই বৈষম্য দূর করে নিজ জেলায় কর্মরতদেরও বদলির আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রার্থীদের এ দাবির বিষয়ে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান।

তিনি বলেছেন, ‘নিজ জেলায় কর্মরতদের বদলির সুযোগ রাখা হয়নি। এটি করতে গেলে বদলি নীতিমালা সংশোধন করতে হবে। যা এ মুহূর্তে সম্ভব নয়। আগে বদলি চালু হোক। পরবর্তীতে প্রার্থীরা আবেদন করলে বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া হবে।’