কুষ্টিয়া সদর-৩ আসনের নির্বাচনি ফলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরাজিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মে বিএনপির সহযোগী সংগঠনের দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ও সাবেক ছাত্রদল নেতা সাগীর কোরাইশীসহ তাদের অনুসারীরা জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদকে ধাওয়া করেন।
পরে রাত সাড়ে ৯টার দিকে কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমনের কর্মী-সমর্থকরা পাল্টা ধাওয়া দেন। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মে থাকা একটি চায়ের দোকানের কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বার বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন