ভারতের হরিয়ানায় এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে প্রকাশ্যে শারীরিক ও অশালীন হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। এ ঘটনায় সামাজিক মাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
মৌনি রায় জানিয়েছেন, মঞ্চে ওঠার আগেই দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। তিনি সরাসরি প্রতিবাদ জানিয়ে হাত সরাতে বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না। পারফরম্যান্স চলাকালীন সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা অভিনেত্রীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন।
শুধু তাই নয়, মৌনির অভিযোগ, ওই ব্যক্তিরা মঞ্চে গোলাপ ফুলও ছুড়তে শুরু করেন। আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি জানিয়েছেন, বিষয়টি এতটাই অস্বস্তিকর ছিল যে তিনি অনুষ্ঠানটি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। তবে পেশাদারিত্বের কারণে তিনি শেষ পর্যন্ত পারফর্ম করেন।
ঘটনার পর সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে মৌনি রায় বলেন, আমার মতো একজন শিল্পীও যদি এমন পরিস্থিতির মুখোমুখি হয়, তবে নতুন বা সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায়?
অভিনেত্রী আরও বলেন, শিল্পীদের মূল্যায়ন শুধু তাদের কাজের মাধ্যমে করা উচিত। তিনি এ ধরনের অভব্য আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মৌনি রায় ছোটপর্দা থেকে ক্যারিয়ার শুরু করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তার এই অভিযোগ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং নারী নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এনেছে।

-20260125114742.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন