বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রশংসায় আবারো পঞ্চমুখ হলেন হলিউড তারকা জেসন মামোয়া। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মামোয়া অকপটে স্বীকার করেছেন যে, শাহরুখ তাঁর চেয়েও ‘উন্নত অভিনেতা ও পারফরমার’।
নিজের নতুন সিনেমা ‘দ্য রেকিং ক্রু’–এর প্রচারণায় এসে শাহরুখ খান সম্পর্কিত প্রশ্নের জবাবে মামোয়া বলেন, ‘হ্যাঁ, তিনি অত্যন্ত সুদর্শন... এবং অসাধারণ একজন মানুষ।’ তাঁদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, একে অপরের কাজের প্রতি শ্রদ্ধা ও ভক্তিবোধ থেকেই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত।
সৌদি আরবের ‘জয় অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে জ্যাকি চান ও জঁ–ক্লদ ভ্যান ডেমের মতো তারকাদের সাথে একই মঞ্চে থাকার সময় তাঁদের পরিচয় আরও গভীর হয়। সম্প্রতি সৌদি আরবেই তাঁদের পুনরায় একসাথে দেখা যাওয়ায় ভক্তদের কৌতূহল তুঙ্গে।
শাহরুখ খানকে ‘ভীষণ ভদ্র এবং সত্যিকারের জেন্টলম্যান’ হিসেবে উল্লেখ করে মামোয়া বলেন, ‘আমরা একে অপরের কাজের বড় ভক্ত।’ এরপরই তিনি যোগ করেন, ‘তিনি আমার চেয়ে ভালো অভিনেতা এবং ভালো পারফরমার।’ একজন বিশ্বখ্যাত হলিউড অ্যাকশন তারকার কাছ থেকে এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।
উল্লেখ্য, ‘গেম অব থ্রোনস’ খ্যাত জেসন মামোয়া হলিউডে মূলত ডিসি ইউনিভার্সের ‘অ্যাকোয়াম্যান’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন