আট বছরের দাম্পত্য আর ছয় বছরের প্রেম-সব মিলিয়ে দীর্ঘ ১৪ বছরের এক রূপকথার পথচলা। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। কিন্তু গত কয়েকদিন ধরে বি-টাউনের অলিগলি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, সর্বত্রই ডানা মেলছিল এক নেতিবাচক গুঞ্জন। প্রশ্ন উঠছিল, তবে কি বিচ্ছেদের পথে হাঁটছেন এই পাওয়ার কাপল? দেড় বছরের সন্তান ‘দুয়া’র ভবিষ্যতের কথা ভেবেও ভক্তদের কপালে ছিল চিন্তার ভাঁজ।
অবশেষে সেই মৌনতা ভাঙলেন স্বয়ং দীপিকা পাড়ুকোন। বিচ্ছেদ গুঞ্জনের আগুনে জল ঢেলে দিয়ে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।
রণবীর সিংয়ের সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর ২’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকাকে কোনো পোস্ট দিতে দেখা যায়নি। আর এখান থেকেই শুরু হয় জল্পনা। তবে দীপিকা স্পষ্ট জানিয়েছেন, কেন তিনি নীরব ছিলেন।
অভিনেত্রীর ভাষ্যমতে, “সবার আগে আমিই ছবিটি দেখেছি এবং তখনই বুঝেছি এটি সুপারহিট হতে চলেছে। ব্যক্তিগতভাবে আমি আমার প্রতিক্রিয়া রণবীরকে জানিয়েছি। সব কিছু সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলতে হবে—এমনটায় আমি বিশ্বাসী নই।”
উল্লেখ্য, ২০২৪ সালেও একবার একই ধরনের গুঞ্জন ডালপালা মেলেছিল যখন রণবীর সিং তার প্রোফাইল থেকে বিয়ের ছবি সরিয়েছিলেন। সে সময় রণবীর নিজেই সামনে এসে সব জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন তারা বেশ সুখে আছেন। এবারও দম্পতির ঘনিষ্ঠ মহলের দাবি, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট।
দীপিকা ও রণবীর বর্তমানে প্রচারের আলো থেকে কিছুটা দূরে থেকে নিজেদের ব্যক্তিগত জীবন এবং সন্তান দুয়াকে সময় দিতে চান। ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখতেই তারা পছন্দ করছেন, যার ভুল ব্যাখ্যা হচ্ছে বিভিন্ন মাধ্যমে।
আপাতত ‘ধুরন্ধর ২’-এর আকাশচুম্বী সাফল্য আর সাজানো সংসার নিয়ে এই তারকা দম্পতি যে বেশ ভালো আছেন, দীপিকার সাম্প্রতিক মন্তব্যেই তার প্রমাণ মিলল।


