ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পিতা হলেন পলাশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এক ফুটফুটে কন্যাসন্তানের বাবা হয়েছেন। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেতাকে ঘিরে শুভেচ্ছার জোয়ার বইছে।

নিজের এই আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি পলাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।’

পলাশের এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছেন অভিনন্দন জানাতে। মজার ছলে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আলহামদুলিল্লাহ, আগে আপনাকে ভাই হিসেবে দেখতাম, এখন আপনি আমার চাচা।’

উল্লেখ্য, কাজল আরেফিন অমির দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রের মাধ্যমে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পান পলাশ। পর্দার সেই ব্যাচেলর ইমেজ ছাপিয়ে এবার বাস্তব জীবনেও গুরুদায়িত্ব এসেছে তার কাঁধে।