ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান। এই জুটি একের পর এক চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের ‘দূর্নাম’ নামের নতুন একটি নাটক। জান্নাতুল ফেরদৌস মিলার রচনায় নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
নাটকটি নিয়ে পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘নাটকে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের একটি মেয়েকে প্রেমিকের হাত ধরে ঢাকায় পালিয়ে আসার পর প্রতারণার শিকার হয়ে যাওয়া একটি মেয়ের কাহিনি গল্পে তুলে ধরা হয়েছে। এ নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন। তবুও সমাজে অনেক সময় আমরা নানা নির্যাতনের খবর পেয়ে থাকি। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।’
অহনা বলেন, ‘নাটকে আমাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। তবে এটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।’
রাশেদ-অহনা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন পারিসা জান্নাত, নুরে আলিফ, সাবিনা ররি, সুমন আহমেদ বাবু, আয়মান শুভ প্রমুখ। সোমবার (২০ এপ্রিল) বিকেলে আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন