ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নয় বছরে পা রাখল কুঁড়েঘর, ভক্তদের জন্য দিল নতুন সুখবর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:১৪ পিএম
কুঁড়েঘরের সদস্যরা। ছবি- ব্যান্ডের সৌজন্যে

জনপ্রিয় বাংলা ব্যান্ড কুঁড়েঘর তাদের সংগীতযাত্রার নয় বছরে পা রেখেছে। এ উপলক্ষে  গতকাল মধ্যরাতে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট তাসরিফ খান ব্যান্ড সদস্যদের সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে অংশ নেন। সেখানে কেক কাটার পাশাপাশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা। একই সঙ্গে শীতপ্রবণ উত্তরাঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানান।

সংগীতের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে প্রশংসিত কুঁড়েঘর। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে ব্যান্ডটি। বিভিন্ন দাতব্য কনসার্ট ও সচেতনতামূলক কর্মসূচিতেও নিয়মিত অংশগ্রহণ করেন তারা।

তাসরিফের গান ও সামাজিক উদ্যোগ মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। তবে এই সাফল্য সহজে আসেনি। ব্যান্ডটির সদস্যদের ভাষ্য, ‘প্রতিযোগিতাপূর্ণ বাংলাদেশের সংগীত অঙ্গনে টিকে থাকতে কুঁড়েঘরকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। ধারাবাহিক পরিশ্রম, নিষ্ঠা ও ভিন্নধর্মী সৃষ্টিশীলতার মাধ্যমে ব্যান্ডটি আজ দেশ-বিদেশে বিপুল শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে।’

২০১৬ সালে বন্ধুদের আড্ডা থেকে যাত্রা শুরু করা কুঁড়েঘর বর্তমানে দেশ ও বিদেশের বড় বড় মঞ্চে নিয়মিত পারফর্ম করছে। ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ময়নারে’, ‘তাইতো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’, ‘আমার কাছে তুমি মানে’, ‘কার পোশা পাখি’সহ আরও বেশ কিছু শ্রোতাপ্রিয় গান।

এর আগে দৈনিক রূপালী বাংলাদেশকে দেওয়া এক সাক্ষাৎকারে কুঁড়েঘরের চলতি বছরের পরিকল্পনা নিয়ে তাসরিফ খান বলেন, ‘গত বছরের অস্বাভাবিক পরিস্থিতি কাটিয়ে এ বছর আমরা আরও পরিকল্পিতভাবে এগোতে চাই। লক্ষ্য রয়েছে প্রতি মাসে অন্তত একটি করে নতুন গান প্রকাশ করার। ভক্তদের জন্য কুঁড়েঘরকে নতুনভাবে সাজানো হচ্ছে এবং এক্সপেরিমেন্টাল ধারার গানে কাজ করার প্রস্তুতিও চলছে।’

উল্লেখ্য, নয় বছরে পদার্পণের এই বিশেষ সময়ে ভক্তদের জন্য আরেকটি আনন্দের খবর দিয়েছে কুঁড়েঘর। আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় প্রকাশ পেতে যাচ্ছে ব্যান্ডটির বহুল জনপ্রিয় গান ‘তাইতো আইলাম সাগরে’-এর অফিসিয়াল মিউজিক ভিডিও, যা নিয়ে ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।