পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত হতে যাচ্ছে বছরের অন্যতম বড় সংগীত উৎসব ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’। আগামী ২৬ জুলাই এই জমকালো আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রক তারকা নগর বাউল জেমস।
আয়োজক প্রতিষ্ঠান ‘কাসা দো বাংলাদেশ’ এবং ‘নোটিসিয়া বাংলা’ জানিয়েছে, লিসবনের সুপরিচিত ভেন্যু ‘লিসবোয়া উয়ু ভিভো’-তে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। অনুষ্ঠানের দিন বিকেল ৫টা থেকে শুরু হবে এই সংগীত সন্ধ্যা। জেমসের কালজয়ী সব গান প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
এই কনসার্টকে কেন্দ্র করে গত রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় লিসবনের লিটনস তুর্কিশ গ্রিল-এ এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং গণমাধ্যম প্রতিনিধিরা। আয়োজকদের দাবি, পর্তুগালে এ পর্যন্ত আয়োজিত বাংলা কনসার্টগুলোর মধ্যে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ আয়োজন।
জেমসের মতো একজন বড় মাপের শিল্পীকে কাছে পাওয়ার খবরে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের মতে, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন প্রবাসের মাটিতে আমাদের দেশীয় সংস্কৃতি ও সংগীতকে তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে।
প্রিয় শিল্পীর গানে মেতে উঠতে এবং লিসবনের বুকে এক স্মরণীয় সন্ধ্যা কাটাতে এখন কেবল সময়ের অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন