ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাদাম খোসাসহ নাকি খোসা ছাড়া, কীভাবে খেলে বেশি উপকার?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:৪০ পিএম
বাদাম ভিজিয়ে খাওয়া সবচেয়ে কার্যকর। ছবি- সংগৃহীত

শুকনো ফলের মধ্যে বাদাম অন্যতম জনপ্রিয় ও পুষ্টিকর খাবার। এতে প্রচুর পরিমাণে মনোআনস্যাচুরেটেড ফ্যাট, প্রোটিন, ফাইবার এবং ভিটামিন রয়েছে। এ ছাড়া নানা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান হৃদযন্ত্র সুস্থ রাখতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত বাদাম খেলে হজমশক্তি বাড়ে এবং এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।

বাদাম খাওয়ার সময় অনেকেরই প্রশ্ন থাকে- খোসাসহ খাওয়া উচিত, নাকি খোসা ছাড়িয়ে? আসলে নির্দিষ্ট কোনো সঠিক নিয়ম নেই। খোসাসহ বা ছাড়িয়ে, উভয়ভাবেই খাওয়া যায়। তবে কোনটি ভালো, তা নির্ভর করে ব্যক্তিগত পছন্দ এবং হজমক্ষমতার ওপর।

পুষ্টিবিদদের মতে, বাদাম ভিজিয়ে খাওয়া সবচেয়ে কার্যকর। ভিজিয়ে রাখলে বাদামের পুষ্টি উপাদান সহজে শোষণ হয় এবং কাঠবাদামের মতো শক্ত বাদামের খোসা সহজে আলাদা হয়। হজমে সমস্যা বা পেট ফাঁপার প্রবণতা থাকলে খোসা ছাড়ানো ভিজানো বাদামই আদর্শ।

যাদের পরিপাকতন্ত্র শক্তিশালী এবং খোসা খেতে কোনো সমস্যা নেই, তারা খোসাসহ বাদাম খেতে পারেন। কারণ খোসায় থাকে বাড়তি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। তবে যারা পুষ্টির পূর্ণ শোষণ এবং সহজ হজম চান, তারা রাতে বাদাম ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খাওয়ার অভ্যাস করতে পারেন। এটি শরীরের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে সর্বোচ্চ উপকার নিশ্চিত করে।