সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২২ ডিসেম্বর)সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২৫ জন এবং সিলেট বিভাগে দুইজন।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪১২ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২ হাজার ৮২ জন।
উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৭৫ জন।


