২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। বিরল এই মহাজাগতিক ঘটনাটি বাংলাদেশ থেকেও আংশিকভাবে দেখা যাবে। গ্রহণ চলাকালে চাঁদ লালচে আভা ধারণ করবে, যা সাধারণভাবে ‘ব্লাড মুন’ নামে পরিচিত। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। পূর্ণগ্রাস শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণ ঘটবে বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। এ সময় গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়। ফলে সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে প্রতিসারিত সূর্যালোকের একটি অংশ চাঁদের পৃষ্ঠে পড়ে। বায়ুমণ্ডল নীল আলোর স্বল্প তরঙ্গদৈর্ঘ্য বেশি বিচ্ছুরিত করে এবং লাল আলোর দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য চাঁদের দিকে প্রেরণ করে। এ কারণেই গ্রহণের সময় চাঁদকে তামাটে বা লালচে দেখা যায়। নাসার তথ্যানুযায়ী, সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় আকাশ লাল দেখানোর পেছনেও একই বৈজ্ঞানিক কারণ কাজ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় গতিপথ হবে উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দক্ষিণ-পশ্চিমে। এ ছাড়া এটি কিমম্যান রিফ জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য, হুল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইন সাগরে অবস্থিত মাইক্রোনেশিয়ার কোসরাই দ্বীপ ও লুগাও অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশে দৃশ্যমান হবে।
বাংলাদেশে কখন দেখা যাবে
বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণের শেষাংশ দৃশ্যমান হবে। রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে চাঁদের সম্পূর্ণ নির্গমনের মাধ্যমে গ্রহণ শেষ হবে। বিভাগীয় শহরগুলোর সম্ভাব্য সময়সূচি নিম্নরূপ : ঢাকা: সন্ধ্যা ৬টা ০১ মিনিট ১২ সেকেন্ড, চট্টগ্রাম: বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড, সিলেট: বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড, রাজশাহী: সন্ধ্যা ৬টা ০৭ মিনিট ৩৬ সেকেন্ড, খুলনা: সন্ধ্যা ৬টা ০৫ মিনিট ১২ সেকেন্ড, বরিশাল: সন্ধ্যা ৬টা ০১ মিনিট ৫৪ সেকেন্ড, ময়মনসিংহ: সন্ধ্যা ৬টা ০০ মিনিট ২৪ সেকেন্ড ও রংপুর: সন্ধ্যা ৬টা ০৪ মিনিট ৩৬ সেকেন্ড।
আবহাওয়া অনুকূলে থাকলে দেশের বিভিন্ন স্থান থেকে বছরের একমাত্র এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে।


