ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রায় দেড় বছর ধরে বিচারকাজ থেকে বিরত ছিলেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান। আজ তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান বিচারপতির মাধ্যমে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
বিচারপতি মামনুন রহমান নিজেই ই-মেইলে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (সম্মান) ও এলএল.এম ডিগ্রি অর্জনের পর ২০০৪ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান মামনুন রহমান। পরবর্তীতে ২০০৬ সালের ২৩ আগস্ট স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। বাধ্যতামূলক অবসর বা স্বেচ্ছায় পদত্যাগের ফলে বর্তমানে তাদের মধ্যে ৯ জন দায়িত্বে নেই। বাকি ৩ জন বিচারপতি পদে থাকলেও তারা বিচারিক কাজে নিয়োজিত নেই। এর বাইরেও হাইকোর্ট বিভাগের ২ বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের মধ্যে বিচারপতি মামনুন রহমান একজন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন